
কালের পরিধি ডেস্ক : বেনাপোল স্থলবন্দরে পণ্য লোড করার সময় ক্রেনের তার ছিঁড়ে শাহজাহান আলী (৫৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় সোহেল হোসেন (৫২) নামে আরও এক শ্রমিক গুরুতর আহত অবস্থায় শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬ টায় স্থলবন্দরের টিটিআই মাঠে ভারতীয় ট্রাক থেকে লোহার সিট লোড সময় এই ঘটনা ঘটে। বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শহিদ আলী এ তথ্য নিশ্চিত করেন।
নিহত শাহজাহান আলী বেনাপোল পোর্ট থানার পাঠবাড়ি গ্রামের আফতাব আলীর ছেলে। আহত সোহেল হোসেন (৫২) একই থানার সাদিপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
জানা যায়, দুজনই বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৮৯১ এর সদস্য। শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম বলেন, বেনাপোল ফায়ার সার্ভিসের কর্মীরা বন্দরের দুইজন শ্রমিককে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, পথিমধ্যে শাহাজান আলীর মৃত্যু হয়েছে। অপর শ্রমিক সোহেল হোসেনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) পলাশ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, অসাবধানতাবশত ক্রেনের তার ছিঁড়ে বন্দরের দুইজন শ্রমিক আহত হয়। এর মধ্যে একজন মারা গেছেন। আর একজন চিকিৎসাধীর আছেন। আমরা নিয়মিত খোঁজখবর নিচ্ছি।