
শেরপুর প্রতিনিধি: নালিতাবাড়ী উপজেলায় এক দৃষ্টি প্রতিবন্ধী তরুণীকে (১৮) ধর্ষণের অভিযোগ উঠেছে। এতে ওই তরুণী ৩ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন। এ ঘটনায় অভিযুক্ত জীবন মিয়া (১৫) নামে এক কিশোরকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার নয়াবিল ইউনিয়নের দাওধারা গুচ্ছগ্রামে এই ঘটনা ঘটে। ওই তরুণীর বাবা ও মা দুজনেই জীবিকার তাগিদে প্রতিদিন পার্শ্ববর্তী নাকুগাঁও স্থলবন্দরে পাথর ভাঙার কাজ করতে যান। ঘটনার দিন তারা বাড়িতে না থাকার সুযোগে প্রতিবেশী আব্দুল বারেকের ছেলে জীবন মিয়া ওই তরুণীর ঘরে ঢুকে তাকে জোরপূর্বক ধর্ষণ করে।
সম্প্রতি ওই তরুণীর শারীরিক পরিবর্তন দেখা দিলে পরিবারের সদস্যদের মনে সন্দেহের সৃষ্টি হয়। একপর্যায়ে জিজ্ঞাসা করলে সে প্রতিবেশী জীবনের অপকর্মের কথা প্রকাশ করে দেয়। পরবর্তীতে তাকে নালিতাবাড়ী উপজেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা জানান, ওই তরুণী ৩ মাসের অন্তঃসত্ত্বা।
এ ঘটনায় ভুক্তভোগী তরুণীর বাবা গত রবিবার (৫ এপ্রিল) বিকেলে নালিতাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে ওইদিন রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত জীবনকে আটক করে পুলিশ।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "ভিকটিমের বাবার অভিযোগটি আমরা আমলে নিয়ে দ্রুত সময়ের মধ্যে আসামিকে গ্রেপ্তার করেছি। সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ভোক্তভোগী পরিবার এই জঘন্য ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।