শ্রীবরদী প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে ট্রাংকের (কাপড় রাখার স্টিলের বক্স) ভিতর থেকে অজ্ঞাত নারীর অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (০১ এপ্রিল) সকালে শ্রীবরদী পৌরসভার তাতিহাটি নয়াপাড়া এলাকার ঢালিবাড়ি মোড়ে কে বা কাহারা একটি ট্রাংক ফেলে রেখে যায়। পরে এ ট্রাংক নিয়ে কৌতুহল সৃষ্টি হলে হাজার হাজার মানুষ জমায়েত হয়। খবর পেয়ে দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাংকের তালা ভেঙ্গে লাশ দেখতে পায়।
স্থানীয়রা জানায়, বুধবার সকালে একটি পিকআপ ভ্যান থেকে কে বা কাহারা একটি তালাবদ্ধ ট্রাংক নামিয়ে রেখে চলে যায়। এ নিয়ে জনমনে কৌতুহল সৃষ্টি হয়। ট্রাংকের কাছে যেতেই দুর্গন্ধ পাওয়া যায়। পরে স্থানীয়রা শ্রীবরদী থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাংকের তালা ভেঙ্গে লাশ দেখতে পায়। লাশটি বিছানার তোশক ও প্লাস্টিকের বস্তা দিয়ে মোড়ানো অবস্থায় ট্রাংকের ভিতরে ছিল। তবে লাশটি ফুলে যাওয়ায় চেহারা বুঝা যাচ্ছে না। ধারানা করা হচ্ছে কয়েকদিন আগেই মেরে লাশটি ট্রাংকে ভরে ফেলে রেখে গেছে।
শ্রীবরদী থানার ওসি মোহাম্মদ নুরুল আলম বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তবে এখনো লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।