
শ্রীবরদী প্রতিনিধি : সরকারি বনের গাছ কর্তন ও পরিবহনের মাধ্যমে পাঁচারকালে ১টি ব্যাটারি চালিত অটো ভ্যান, বনের গাছ ও গাছ কাটার ব্যবহৃত সরঞ্জাম সহ ২ কাঠ চোরকে আটক করেছে বন বিভাগ।
১২ ই এপ্রিল রবিবার ভোর সকালে শেরপুরের শ্রীবরদী উপজেলার রানী শিমুল ইউনিয়নের সীমান্তবর্তী বালিজুরি এলাকার উডলট বন বাগান থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হল হালুয়াহাটি গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে জজ মিয়া (৫০) ও বালিজুরি এলাকার কাসেম আলীর ছেলে জুমুর আলী (৪০) তারা স্থানীয়ভাবে বনের কাঠ চোর হিসেবে পরিচিত।
বন বিভাগের বালিজুরি ফরেস্ট রেন্জ অফিস সূত্রে জানা যায়, ১২ ই এপ্রিল রবিবার ভোর আনুমানিক ৫ টার দিকে বালিজুরি রেঞ্জের সদরবিটের আওতাধীন ২০১৪/২০১৫ আর্থিক সনে সৃজিত ৪০,০০ হেক্টর ৩য় আবর্তের উডলট বাগান থেকে আকাশমনি গাছ কাটা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বালিজুরি রেন্জ কর্মকর্তা সুমন মিয়ার নেতৃত্বে বালিজুরি সদর বিট কর্মকর্তা মাজহারুল ইসলাম সঙ্গীয় বন বিভাগের অভিযানিক দল অভিযান চালিয়ে গাছ কর্তন ও পরিবহনের উদ্দেশ্যে মজুদ কালে ২ জনকে আটক করে।
বন বিভাগের উপস্থিতি টের পেয়ে বালিজুরি অফিস পাড়া এলাকার মোজাহাত আলীর ছেলে লাল চান বাদশা (৪৫) সহ তার অন্য সহযোগীরা পালিয়ে যায়।
ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় কাঠ পাঁচারের কাজে ব্যবহৃত ১ টি ব্যাটারি চালিত অটো ভ্যান, ১২ টুকরা আকাশমনি গোল কাঠ ১০ ঘনফুট, ৪টি আকাশমনি গাছের মোথা, ২ টি হাত করাত ও ১টি দা।
ময়মনসিংহ বন বিভাগের বালিজুরি রেন্জ কর্মকর্তা মো: সুমন মিয়া আটকের সত্যতা নিশ্চিত করে রবিবার সকালে জানায়, আটককৃত জজ মিয়া ও জুমুর আলী অত্র পাহাড়ি অঞ্চলের পেশাদার কাঠ চোর ।
আমাদের অভিযানে তাদের আরেক সহযোগী লালচান বাদশা পালিয়ে যায়। আটককৃতদের ন্যায় বিচারের স্বার্থে শেরপুরের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। বনের গাছ চুরি প্রতিরোধে বন বিভাগের দিনে ও রাতে টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। বনজ সম্পদ রক্ষার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।