শ্রীবরদী প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদী সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পরিচালিত মাদকবিরোধী অভিযানে মালিকবিহীন ১৫৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের ঝুঁলগাও এলাকা থেকে মদ জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, ৩৯ বিজিবি ময়মনসিংহ ব্যাটালিয়নের অধীন কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির ইনচার্জ নায়েক সুবেদার সাইদুর রহমানের তত্ত্বাবধানে এবং নায়েক নাজমুলের নেতৃত্বে একটি টহল দল বুধবার রাতভর অভিযান চালায়। অভিযানের এক পর্যায়ে বৃহস্পতিবার ভোরে উক্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় মদের চালানটি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মদের মধ্যে রয়েছে—Royal Green (৩৭৫ মি.লি.) ৬১ বোতল, Royal Stage (৩৭৫ মি.লি.) ২৪ বোতল, Iconic White (৩৭৫ মি.লি.) ৪৬ বোতল, Iconic White (৭৫০ মি.লি.) ১২ বোতল এবং ভাঙা অবস্থায় Royal Green (৩৭৫ মি.লি.) ১১ বোতল।
কর্ণঝোড়া বিওপি ইনচার্জ নায়েক সুবেদার সাইদুর রহমান বলেন, “বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা মদ ফেলে পালিয়ে যায়।” তিনি আরও জানান, জড়িতদের শনাক্তে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।
উদ্ধারকৃত মদের আনুমানিক সিজার মূল্য প্রায় ২ লাখ ৩১ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।