শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের কানাশাখোলা এলাকায় বাবর ফিলিং স্টেশন থেকে অবৈধভাবে পাচারের সময় ৮৩৫ লিটার ডিজেল জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ব্যাটারিচালিত ভ্যানে থাকা চার ড্রাম তেল জব্দ করা হয় এবং ফিলিং স্টেশনের দুই কর্মচারীকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—ছয়ঘড়িপাড়া গ্রামের রবিন ও গৌরীপুর এলাকার জিয়াউর রহমান।
বুধবার (২২ এপ্রিল) সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব সরকারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা আদায়ের পর আটক দুজনকে ছেড়ে দেওয়া হয়। জব্দ করা ডিজেল উন্মুক্তভাবে বিক্রি করে ৯৬ হাজার ২৫ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
প্রশাসন জানায়, অবৈধ জ্বালানি মজুত ও বিক্রির বিরুদ্ধে এধরনের অভিযান অব্যাহত থাকবে। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব সরকার বলেন, বাবর ফিলিং স্টেশনে অবৈধ তেল মজুদের অভিযোগে অভিযান পরিচালনা করা হয়েছে। এতে ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি জব্দকৃত ৮৩৫ লিটার ডিজেল উন্মুক্তভাবে বিক্রি করে ৯৬ হাজার ২৫ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। অবৈধভাবে জ্বালানি মজুত ও বিক্রির বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সোহেল রানা বলেন, গত রাতে চার ড্রাম তেলসহ একটি ভ্যান আটক করা হয়। পরে সেগুলো ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমের জন্য ফিলিং স্টেশনে নেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত বাবর ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা জরিমানা করেছে। এছাড়া জব্দকৃত তেল খোলা বাজারে বিক্রি করে সেই অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও জানান, জরিমানা পরিশোধের পর আটক রবিন ও জিয়াউর রহমানকে ছেড়ে দেওয়া হয়েছে